advertisement
advertisement

রিকশাচালক আল আমিন গুম-হত্যা মামলা: সাবেক এমপি নাঈমুজ্জামান ভূইয়া মুক্তা কারাগারে


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ
রিকশাচালক আল আমিন গুম-হত্যা মামলা: সাবেক এমপি নাঈমুজ্জামান ভূইয়া মুক্তা কারাগারে

advertisement
পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম করে হত্যার মামলায় গ্রেপ্তার পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি নাঈমুজ্জামান ভূইয়া মুক্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে তাকে পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মোশারফ হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন মামলাটির বিষয়ে আদালতে সরাসরি কোনো শুনানি হয়নি। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে মঙ্গলবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়ায় নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে নাঈমুজ্জামান ভূইয়া মুক্তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট পঞ্চগড়ে গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার পর রিকশাচালক আল আমিন নিখোঁজ হন। এ ঘটনায় ১০ সেপ্টেম্বর পঞ্চগড় সদর থানায় গুম ও হত্যার অভিযোগে মামলা করেন তার বাবা মনু মিয়া। মামলায় সাবেক এমপি নাঈমুজ্জামান ভূইয়া মুক্তাসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, আল আমিনকে গুম ও হত্যার অভিযোগের মামলাসহ বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নাঈমুজ্জামান ভূইয়া মুক্তার বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল সাবেক এমপি নাঈমুজ্জামান ভূইয়া মুক্তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর